টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিলেন। আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ছিল অভিনয়শিল্পী সংঘের শপথ ও অভিষেক অনুষ্ঠান। নবনির্বাচিত কমিটিকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।
নতুন কমিটিতে ২০২২-২৫ মেয়াদের অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা রওনক হাসান। শপথ গ্রহণের পর নির্বাচনে পরাজিত শিল্পীদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নির্বাচিত সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, নির্বাচনে ২১ জন জয়ী হলেও আসলে কেউ হারেননি। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জ্যেষ্ঠ শিল্পী, নির্মাতা ও প্রযোজকেরা। এ অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় একুশে পদকপ্রাপ্ত দুই অভিনেতা আফজাল হোসেন ও মাসুম আজিজকে। এরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেলিভিশন প্রযোজক অ্যাসোসিয়েশন, মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন, শুটিং হাউস অ্যাসোসিয়েশন, নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, টিভি মিডিয়া প্রোডাকশন অ্যাসোসিয়েশন, শুটিং ইউনিট মাইক্রোবাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আহসান হাবীব নাসিম বলেন, ‘পাঁচ বছর আগেও বাংলাদেশের নাটক বাংলাদেশের বাইরের কেউ দেখতে পেতেন না। এখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের নাটক দেখতে পারছেন বিভিন্ন ডিজিটাল মাধ্যমে। এই পেশার পরিধি আরও ব্যাপক হচ্ছে, বাজারটাও বড় হচ্ছে, শিল্পীও বাড়ছে। এই পেশার নিরাপত্তা কীভাবে দেওয়া যায়, সেটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করব। এ কাজে আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।’
গত ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এ বছর মোট ভোটার ছিলেন ৭৫২ জন। এর মধ্যে ভোট পড়ে ৬৪২টি, বাতিল হয় ৫৮টি। নির্বাচনে সহসভাপতির তিন পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম, দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন আইনুন নাহার, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।