রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


রবীন্দ্রচর্চা তথা পঞ্চকবির চর্চার মধ্য দিয়ে আমাদের মনোজগতকে সমৃদ্ধ করতে হবে। যুগে যুগে সমাজের ক্রান্তিকালীন অবস্থা থেকে মুক্তির পথ দেখায় রবীন্দ্রনাথ। চর্চাকে বেগবান করে প্রজন্ম থেকে প্রজন্মে যত ছড়িয়ে পড়বে ততই আলোকিত হবে আমাদের সমাজ সংস্কৃতি।

গত শনিবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। মিলনায়তনে সকালে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে সমবেত গানের সাথে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল হক বাবুল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিলি ইসলাম, নির্বাহী সদস্য কিশওয়ার কামাল ও কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম শাখার সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়।

সন্ধ্যায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‌’আহা তোমার সঙ্গে আমার খেলা’ শীর্ষক গীতি আলেখ্য। শ্রেয়সী রায়ের গ্রন্থনা ও পরিকল্পনায় গীতি আলেখ্যটিতে মূলত রবীন্দ্রনাথের বিভিন্ন নাটকের গান উঠে এসেছে। কখনো ‌’পৌষ তোদের ডাক দিয়েছে’, কখনো ‘কঠিন লোহা কঠিন ঘুমে ছিলে অচেতন’, ‍’আলো আমার আলো,’ ‘মম চিত্তে রীতি নৃত্যে’ কিংবা ‘ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো’ ইত্যাদি পরিবেশনায় সমৃদ্ধ ছিল আয়োজনটি। প্রমা অবন্তী ও তাঁর দলের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

শেষে একক সংগীত পরিবেশন করেন লিলি ইসলাম ও কিশওয়ার কামাল। পরে পরিষদের উদ্যোগে গত শুক্রবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।

শেষে ড. অনুপম সেনকে সভাপতি ও শ্রেয়সী রায়কে সাধারণ সম্পাদক করে আগামী দু বছরের জন্য পরিষদের চট্টগ্রাম শাখার ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অন্যান্যরা হলেন সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক রীতা দত্ত ও অধ্যাপক রজত বিশ্বাস। সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক জাহেদ আলী যুবরাজ, অনুরিনা চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, প্রণব বল ও তন্বী দত্ত। কোষাধ্যক্ষ তৃপ্তি দাশ। নির্বাহী সদস্যরা হলেন প্রদ্যোত মজুমদার, ফারহানা আনন্দময়ী, মাধুরী ব্যানার্জি, শ্রাবণী দেববর্মন, ডলি সাহা, সেঁজুতি দে, অমিতা বড়ুয়া, ডালিয়া বড়ুয়া, প্রমা অবন্তী ও রুপশ্রী হোড়। ## – বিজ্ঞপ্তি