টিয়া ও ধনেশ শিকারের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি


চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার হাজী পাড়ায় অভিযান চালিয়ে সাতটি সবুজ টিয়া ও একটি কাক ধনেশসহ এক ব্যক্তিকে আটক করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম।

 

আটক সফিকুল ইসলাম (৩৩) হাজী পাড়ার হাসমত আলী ভবনের চতুর্থ তলার বাসিন্দা। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার গোয়ালিয়াবাঘা গ্রামের মো. নুরুল ইসলাম চৌকিদারের ছেলে।

 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এর ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. লুৎফর পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে সাতটি সবুজ টিয়া পাখি ও একটি কাক ধনেশ শিকার করে দখলে রাখার অপরাধে আসামি সফিকুল ইসলামকে হাতেনাতে ধরা হয়।

 

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০০৬ এর ৪১ (৩) ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ করায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় শনিবার। #