পাঁচটি পাতি ময়না পাখির বাচ্চা ও তিনটি সবুজ টিয়া পাখি বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট জামান হোটেলের সামনে থেকে মো. নাঈম উদ্দিন (২৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের বাসিন্দা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. লুৎফর পারভেজ জানান, বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৫টি পাতি ময়না পাখির বাচ্চা ও ৩টি সবুজ টিয়া পাখি বিক্রির সময় নাঈম উদ্দিনকে হাতেনাতে ধরা। নাঈম উদ্দিন জানিয়েছেন তিনি পাখিগুলো দেওয়ানহাট থেকে নিয়ে বিক্রির জন্য বহদ্দারহাটে এনেছিলেন।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় আটক নাঈম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. লুৎফর পারভেজ।#