লেখক ও গবেষক মফিদুল হককে সভাপতি ও শিল্পী লিলি ইসলামকে সাধারণ সম্পাদক করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এ দুজন বিদায়ী কমিটিতেও একই পদে ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত পরিষদের ৪৪ তম সম্মেলনের সমাপনী দিনে আজ শনিবার বিকেলে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নির্বাহী সভাপতি করা হয়েছে শিল্পী বুলবুল ইসলামকে। কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুল হক খান। এ ছাড়া নবগঠিত কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন পরিষদের চট্টগ্রাম শাখার সহসভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়।
সমাপনী দিনে সকাল সাড়ে ১১টায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সঙ্গীত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল। বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার। সম্মেলনের ঘোষণা পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রপদক ও গুণিসম্মাননা প্রদান করা হয় অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক লিলি ইসলাম। সভাপতির বক্তব্য রাখেন মফিদুল হক। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন. সঙ্গীতানুষ্ঠন, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে দুইদিন ব্যাপি ৪৪তম বার্ষিক অধিবেশনের সমাপ্তি ঘটে। – বিজ্ঞপ্তি